ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাবেক অধিনায়কদের হাতে তুলে দেওয়া হলো ‘ক্যাপ্টেন্স কার্ড’

সাবেক অধিনায়কদের হাতে তুলে দেওয়া হলো ‘ক্যাপ্টেন্স কার্ড’

দেশজুড়ে বিভিন্ন ধরনের নতুন কার্ড চালুর ধারাবাহিকতায় এবার সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই কার্ডের মাধ্যমে অধিনায়কদের জন্য নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আজীবন খেলা উপভোগের সুযোগ এবং স্বাস্থ্যবিমা সুবিধা।

বোর্ড সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়কই এই সুবিধার আওতায় আসবেন। একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে কার্ড বিতরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, স্বাধীনতার পর আনুষ্ঠানিক ম্যাচে যারা বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, তারাও এই সুবিধা পাবেন। পুরুষদের ক্ষেত্রে মোট ২৭ জন এবং নারীদের মধ্যে ৫ জন অধিনায়ক এই কার্ডের আওতায় রয়েছেন।

অনুষ্ঠানে প্রথমদিকে শামীম কবিরের হাতে কার্ড তুলে দেওয়া হয়, আর সর্বশেষ অধিনায়ক হিসেবে জাকের আলী অনিক এই সুবিধা গ্রহণ করেন।

তামিম ইকবাল বলেন, যারা অবসর নিয়েছেন কিংবা ভবিষ্যতে অবসর নেবেন—সব অধিনায়কই জাতীয় দলের ক্রিকেটারদের মতো স্বাস্থ্যবিমার আওতায় থাকবেন। পাশাপাশি ভবিষ্যতে এই সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এছাড়া প্রয়াত অধিনায়কদের পরিবারের সদস্যরাও এই কার্ডের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

একই নিয়ম প্রযোজ্য কারাগারে থাকা সাবেক ক্রিকেটার নাইমুর রহমানের ক্ষেত্রেও। তবে সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বোর্ড।

এই উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়েছেন সাবেক ক্রিকেটাররা। অনেকেই মনে করছেন, দেরিতে হলেও তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। নারী অধিনায়কদের মধ্যে রুমানা আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্ড গ্রহণ করেন।

‘ক্যাপ্টেন্স কার্ড’,সাবেক অধিনায়কদের হাতে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত