অনলাইন সংস্করণ
১১:০০, ১৭ এপ্রিল, ২০২৬
তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশে চমক হিসেবে রাখা হয়েছে তিন পেসার—তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
শুরুতে দলে থাকলেও শেষ মুহূর্তে অস্বস্তি অনুভব করায় মুস্তাফিজুর রহমানকে পরিবর্তন করা হয়।
নিউজিল্যান্ডের এবারের দলটি তুলনামূলক অনভিজ্ঞ। একাধিক তারকা ক্রিকেটার আইপিএল ও পিএসএলে ব্যস্ত থাকায় পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসতে পারেনি তারা। চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে খেলা একাদশের আটজন ক্রিকেটার আজকের ম্যাচে নেই।
অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে। গত মাসে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। তবে দলের মিডল অর্ডার এখনও কিছুটা অনিশ্চয়তায় রয়েছে। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ভূমিকা স্পষ্ট নয়।
পাশাপাশি সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর কাছ থেকেও বড় ইনিংসের আশা রয়েছে।
বোলিং বিভাগে তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানের গতি দলের অন্যতম শক্তি। এর সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেন বৈচিত্র্য যোগ করছেন।
পরিসংখ্যান বলছে, ২০০৪ সালের পর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত কোনো একদিনের সিরিজের প্রথম ম্যাচে জয় পায়নি নিউজিল্যান্ড। ২০০৮, ২০১০ ও ২০১৩ সালে প্রথম ম্যাচে হেরেছে তারা, আর ২০২৩ সালের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।
দুই দলের একাদশ
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড: উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জোশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রউর্ক।