কিউইদের দেওয়া ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৬:০৫ | অনলাইন সংস্করণ

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা করেও বড় সংগ্রহ গড়তে পারেনি নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলেছে তারা। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৮ রান।
এদিন ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে প্রথম ধাক্কা খায় কিউইরা। ওপেনার নিক ক্যালি ৭ রান করে শরিফুল ইসলামের বলে আউট হন।
এরপর দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলস ও উইল ইয়াং ৭৩ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। তবে এই জুটি ভাঙেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ইয়াং ৪২ বলে ৩০ রান করে ফেরেন।
এরপর দ্রুতই আউট হন অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৯ রান। অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করা হেনরি নিকোলস অর্ধশতক পূর্ণ করে শেষ পর্যন্ত ৬৮ রান করে রিশাদ হোসেনের বলে ক্যাচ দেন। তার ৮৩ বলের ইনিংসে ছিল ৯টি চার।
মাঝের দিকে জশ ক্লার্কসন মাত্র ৮ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে ড্যান ফক্সক্রফট দায়িত্ব নিয়ে খেলেন এবং ৫২ বলে ফিফটি পূরণ করেন। শেষ পর্যন্ত ৫৯ রান করে তিনি সাজঘরে ফেরেন। এছাড়া নাথান স্মিথ ২০, ব্লেয়ার টিকনার ৭ এবং লেনক্স ১ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
