ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানের পরিবর্তে বিশ্বকাপে নেওয়ার মার্কিন প্রস্তাবে ইতালির ‘না’

ইরানের পরিবর্তে বিশ্বকাপে নেওয়ার মার্কিন প্রস্তাবে ইতালির ‘না’

বিশ্বকাপে ইরান অংশ নিতে না পারলে তাদের পরিবর্তে ইতালিকে সুযোগ দেওয়ার যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইতালির সরকার ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা স্পষ্ট করে বলেছেন, বিশ্বকাপে জায়গা পাওয়া উচিত মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে, কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বা বিশেষ বিবেচনায় নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছে ইরান।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার কারণে দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিশেষ করে গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায়।

এই পরিস্থিতিতে মার্কিন কূটনীতিক পাওলো জামপোল্লি প্রস্তাব দেন, ইরান অংশ নিতে না পারলে তাদের জায়গায় ইতালিকে সুযোগ দেওয়া যেতে পারে। তিনি যুক্তি দেন, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির সাফল্য ও ঐতিহ্য বিবেচনায় এটি যৌক্তিক হতে পারে।

তবে এই প্রস্তাবকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ইতালি। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, আন্তর্জাতিক টুর্নামেন্টে জায়গা পেতে হলে মাঠেই যোগ্যতা প্রমাণ করতে হয়।

অর্থমন্ত্রী জিয়ানকারলো জর্জেত্তি এই প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। অন্যদিকে ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুয়োনফিগ্লিও বলেন, বিশ্বকাপে অংশগ্রহণ কোনোভাবে উপহার বা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়—এটি অর্জনের বিষয়।

ইতালির সাবেক কোচ জিয়ান্নি দি বিআসি বলেন, ইরান বাদ পড়লে স্বাভাবিক নিয়মে বাছাইপর্বের পরবর্তী দল সুযোগ পাবে। তিনি আরও মন্তব্য করেন, এ ধরনের বিষয়ে কোনো রাজনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন নেই।

উল্লেখ্য, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হয়েছে ইতালি। অন্যদিকে ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এখন পর্যন্ত ইরানের অংশগ্রহণ বাতিল বা নিষিদ্ধ হওয়ার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। সূচি অনুযায়ী ইরানের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা নিউজিল্যান্ডের বিপক্ষে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

ইতালির ‘না’,মার্কিন প্রস্তাব,বিশ্বকাপ,ইরানের পরিবর্তে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত