
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি আরও ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ফিফা। আয়োজক তিন দেশের মধ্যে বিশাল ভৌগোলিক দূরত্ব এবং লজিস্টিকস খরচের বাড়তি চাপ সামলাতে অংশগ্রহণকারী দলগুলোর উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভায় এই ঐতিহাসিক অনুমোদন দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৪৮ দলের এই মেগা ইভেন্টের জন্য মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১০ হাজার ৬৯০ কোটি টাকারও বেশি (প্রতি ডলার ১২২.৭৪ টাকা হিসেবে)। এর আগে গত ডিসেম্বরে ৭২ কোটি ৭০ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করা হয়েছিল, যা থেকে এখন আরও ১৫ শতাংশ বরাদ্দ বাড়ানো হলো।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে, যা টুর্নামেন্টের পরিধি ও ব্যয় উভয়কেই বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাই তিনটি দেশজুড়ে ভেন্যু বিন্যাস হওয়ায় ফুটবল ফেডারেশনগুলোর মধ্যে বড় ধরনের আর্থিক লোকসানের শঙ্কা ছিল। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো মনে করছিল, গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে যাতায়াত ও আবাসন খরচ আয়ের চেয়ে বেশি হয়ে যেতে পারে।
এ প্রসঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, "ফিফা বর্তমানে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর্থিক অবস্থানে রয়েছে। এর ফলে আমরা আমাদের সদস্য সংস্থাগুলোকে নজিরবিহীনভাবে সহায়তা করার সুযোগ পাচ্ছি। ফিফার সম্পদ কীভাবে পুনরায় ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করা হচ্ছে, এটি তারই একটি উদাহরণ।"
আবা/এসআর/২৬