স্টেডিয়ামে মেলা নয়, খেলাধুলার জন্যই ব্যবহৃত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১২:২০ | অনলাইন সংস্করণ

দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কার করে আবার সচল করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দীর্ঘদিন ব্যবহার না হওয়া এবং অকার্যকারিতার কারণে এসব ক্রীড়া স্থাপনায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অনেক জেলা স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স দীর্ঘদিন ধরে যথাযথভাবে ব্যবহার হয়নি। সেগুলোকে আবার খেলাধুলার উপযোগী করে তুলতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও জানান, যুব ও ক্রীড়া খাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যুবকদের কর্মসংস্থান বাড়াতে দক্ষতা উন্নয়নমূলক নানা কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
‘নতুন কুঁড়ি’ ক্রীড়া কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এটি দেশের ৬৪ জেলায় একযোগে চালু রয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির আশা করছে সরকার।
স্টেডিয়াম ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো স্টেডিয়াম মেলা বা অন্য কোনো কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।
ভবিষ্যতেও ক্রীড়া অবকাঠামোতে কোনো মেলা বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
