বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে ৫ জনকে নিষেধাজ্ঞা
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৯:০৬ | অনলাইন সংস্করণ

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানো ও দুর্নীতির অভিযোগে পরিচালিত দীর্ঘ তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে একজন ক্রিকেটারও রয়েছেন।
বৃহস্পতিবার (০৭ মে) মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল জানান, তদন্তে অন্তত পাঁচজন ব্যক্তি ম্যাচ পাতানো ও সংশ্লিষ্ট অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, প্রমাণের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এখনই তাদের নাম প্রকাশ করা হয়নি। বিসিবি জানিয়েছে, শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের নাম, অভিযোগ এবং শাস্তির বিস্তারিত জানানো হবে।
২০২৫ মৌসুমে বিপিএলের একাধিক দল, ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর বিসিবি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয়।
পরে প্রতিবেদনটি বিসিবির দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়। তিনি স্বাধীনভাবে যাচাই করে কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পান বলে জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিষিদ্ধ হওয়া একজন ক্রিকেটার হলেন অমিত মজুমদার, যিনি রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। বাকি চারজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
