পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১১:০০ | অনলাইন সংস্করণ

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে আগে ব্যাট করতে নামছে স্বাগতিক বাংলাদেশ।

মিরপুরের উইকেট বিবেচনায় একাদশে তিন পেসার রেখেছে বাংলাদেশ দল। আজ দিনের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সকালে ছিল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া।

উইকেটে ঘাস থাকায় এবং সাম্প্রতিক বৃষ্টির কারণে মাঠে সবুজ আভা থাকায় এবার পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বড় সংগ্রহও দেখা যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই টেস্টে বাংলাদেশের হয়ে কোনো নতুন খেলোয়াড়ের অভিষেক হয়নি। তবে পাকিস্তান দলে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার হিসেবে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল প্রথমবারের মতো টেস্ট খেলছেন। চোটের কারণে বাবর আজম দল থেকে ছিটকে যাওয়ায় তরুণদের সুযোগ মিলেছে।

বাংলাদেশের একাদশে আছেন— অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।

পাকিস্তানের একাদশ— আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।