পাকিস্তানকে হারানোর ফলে র্যাঙ্কিংয়ে উন্নতি শান্তদের
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৭:০৩ | অনলাইন সংস্করণ

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের সুফল মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সর্বশেষ র্যাঙ্কিংয়ে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে প্রথম জয় পাওয়ার পর ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।
মঙ্গলবার (১২ মে) প্রকাশিত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে শতরান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ম্যাচসেরা এই পারফরম্যান্সের সুবাদে তিনি ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠেছেন। এটিই তার টেস্ট ক্যারিয়ারের সেরা অবস্থান।
বাংলাদেশের আরও দুই অভিজ্ঞ ব্যাটারও এগিয়েছেন। মুশফিকুর রহিম দুই ধাপ উন্নতি করে ২৬তম স্থানে উঠেছেন। অন্যদিকে ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম অবস্থানে জায়গা করে নিয়েছেন মমিনুল হক। বর্তমানে ৮৮০ রেটিং নিয়ে টেস্টের এক নম্বর ব্যাটার ইংল্যান্ডের জো রুট।
বোলিং বিভাগেও সুখবর পেয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। দীর্ঘদিন পর টেস্টে ফেরা তাসকিন আহমেদ চার উইকেট শিকার করে আবার র্যাঙ্কিংয়ে ফিরেছেন। বর্তমানে তার অবস্থান ৪৮তম।
সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে তার পাঁচ উইকেট বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখে। দুর্দান্ত এই পারফরম্যান্সে পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন তিনি।
প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ ম্যাচে মোট ছয় উইকেট নিলেও র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি মেহেদী হাসান মিরাজের। তিনি আছেন ২৭তম স্থানে।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হারের পরও কিছুটা স্বস্তি পেয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস আবারও বোলারদের র্যাঙ্কিংয়ে ফিরেছেন। বর্তমানে তার অবস্থান ২৮তম।
এদিকে ৮৭৯ রেটিং নিয়ে বর্তমানে টেস্টের এক নম্বর বোলার ভারতের জাসপ্রিত বুমরাহ।
