রিজওয়ান-সালমানের জুটিতে লড়ছে পাকিস্তান
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৬:২০ | অনলাইন সংস্করণ

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ১৬২ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে এরপর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগার দৃঢ় জুটিতে কিছুটা স্বস্তি ফিরে পায় দলটি। দুজন মিলে ইতোমধ্যে ৮৭ রানের জুটি গড়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৪৯ রান। জয়ের জন্য তাদের আরও প্রয়োজন ১৮৮ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার আর ৫ উইকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১৯ মে) দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন বাংলাদেশের বোলাররা। আগেই দুই ওপেনারকে হারানো পাকিস্তান ১০১ রানে ২ উইকেট নিয়ে দ্বিতীয় পর্বের খেলা শুরু করে। তবে চা-বিরতির আগেই আরও তিনটি উইকেট হারায় তারা।
বাংলাদেশের হয়ে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তুলে নেন বাবর আজম, সৌদ শাকিল ও অধিনায়ক শান মাসুদের গুরুত্বপূর্ণ উইকেট। ৯২ রানের জুটি ভাঙেন তাইজুল। লড়াই করা বাবর আজম ৫২ বলে ৪৭ রান করে বিদায় নেন। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সৌদ শাকিল। নাহিদ রানার বলে ২১ বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এতে ৪৩ দশমিক ৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রানে ৪ উইকেট।
একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান শান মাসুদ। তিনি নিজের টেস্ট জীবনের ১৪তম অর্ধশতক পূর্ণ করেন। তবে ব্যক্তিগত ৭১ রানে তাইজুল ইসলামের শিকার হন পাকিস্তান অধিনায়ক। ১১৬ বলে খেলা তার ইনিংসে ছিল আটটি চার।
এরপর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা জুটি গড়ে দলকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৭৮ রানে। দলের হয়ে লিটন দাস ১৫৯ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছক্কা।
জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ৫৭ দশমিক ৪ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায়। ফলে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১০২ দশমিক ২ ওভারে ৩৯০ রানে অলআউট হয়ে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়। এ ইনিংসে মুশফিকুর রহিম ২৩৩ বলে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া লিটন দাস করেন ৬৯ রান এবং মাহমুদুল হাসান জয় করেন ৫২ রান।
