সালমান-রিজওয়ানের জুটি ভেঙে দিন শেষে স্বস্তিতে টাইগাররা

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৮:১০ | অনলাইন সংস্করণ

সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের দারুণ জুটিতে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগে বল হাতে স্বস্তি এনে দেন তাইজুল ইসলাম। গুরুত্বপূর্ণ সময়ে সালমান আলী আগা ও হাসান আলিকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করে তোলেন এই বাঁহাতি স্পিনার।

সিলেট টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান।

বুধবার (২০ মে) শেষ দিনে জয়ের জন্য তাদের আরও ১২১ রান প্রয়োজন। অন্যদিকে জয় পেতে বাংলাদেশের দরকার মাত্র ৩টি উইকেট।

এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। পরে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ৩৯০ রান। ফলে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের কঠিন লক্ষ্য দাঁড়ায়।

লক্ষ্য তাড়া করতে নেমে সোমবার দিনের শেষভাগে ২ ওভার ব্যাট করলেও কোনো উইকেট হারায়নি পাকিস্তান। তবে মঙ্গলবার দিনের শুরুতেই দুই ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজলকে হারায় দলটি। এরপর বাবর আজম ও শান মাসুদ মিলে ৯২ রানের জুটি গড়েন।

১৩৩ রানের মাথায় বাবর আজম আউট হলে চাপে পড়ে পাকিস্তান। এরপর দ্রুত ফিরে যান সৌদ শাকিল ও শান মাসুদও। ১৬২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে সফরকারীরা।

সেখান থেকে প্রতিরোধ গড়েন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ১৩৪ রান। তবে শেষ বিকেলে আবার ম্যাচে দাপট দেখায় বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে ৭১ রান করে বোল্ড হন সালমান। এরপর কোনো রান না করেই সাজঘরে ফেরেন হাসান আলি।

চতুর্থ দিন শেষে মোহাম্মদ রিজওয়ান ৭৫ এবং সাজিদ খান ৮ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম সর্বোচ্চ ৪টি উইকেট নেন। নাহিদ রানা শিকার করেন ২টি উইকেট। এছাড়া একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।