শিরোপা ধরে রাখার লক্ষ্যে ভারত যাচ্ছে বাংলাদেশ নারী দল
প্রকাশ : ২১ মে ২০২৬, ১৭:০০ | অনলাইন সংস্করণ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ভারতের গোয়ায় পৌঁছাবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেয়েরা।
আসন্ন প্রতিযোগিতিকে সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ দল। শেষ দিনে ফুটবলাররা তিন ভাগে বিভক্ত হয়ে অনুশীলন ম্যাচ খেলেন।
আগামী ২৫ মে গোয়ায় শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ২৮ মে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৩১ মে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে দলটি।
২০২২ ও ২০২৪ সালে নেপালে টানা দুইবার শিরোপা জিতে দেশে ফিরেছিল বাংলাদেশের মেয়েরা। এবার তাদের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা।
প্রস্তুতি ক্যাম্পে খেলোয়াড়দের অবস্থান সচেতনতা, কৌশলগত পরিকল্পনা ও কারিগরি শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধান প্রশিক্ষক পিটার বাটলার। থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ, যেখানে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ।
দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা বলেন, থাইল্যান্ডের তীব্র গরমে অনুশীলন করায় গোয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে। তিনি জানান, দল শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত এবং লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখা। একই সঙ্গে দেশের মানুষের সমর্থনও চান তিনি।
প্রশিক্ষক পিটার বাটলার বলেন, ব্যাংককের অনুশীলন কেন্দ্রের সুযোগ-সুবিধা খুবই ভালো ছিল। ব্যয় বেশি হলেও মেয়েদের জন্য এমন আয়োজন করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তার মতে, প্রতিপক্ষ শক্তিশালী হলেও বাংলাদেশের মেয়েরা অভিজ্ঞ এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে শিরোপা জেতার মানসিকতা তাদের রয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী একটি দল গড়ে তুলতে চান তিনি। থাইল্যান্ডে খেলা দুটি প্রস্তুতি ম্যাচেও মেয়েরা ভালো খেলেছে বলে জানান এই ব্রিটিশ প্রশিক্ষক।
ভারতে পৌঁছে ২২ মে থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।
