ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন যুগের শুরু, বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে থমাস ডুলি

নতুন যুগের শুরু, বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে থমাস ডুলি

বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে ঢাকায় পৌঁছেছেন থমাস ডুলি। শুক্রবার সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে পরে হোটেলের উদ্দেশ্যে রওনা হন এই জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

ঢাকায় পৌঁছানোর পরপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ডুলিকে জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়।

পাশাপাশি গণমাধ্যমেও পাঠানো হয় বিজ্ঞপ্তি। যদিও এর আগেই ডুলির বাংলাদেশ দলের কোচ হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত ছিল।

এর আগে, দুই বছরের জন্য কোচ নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছিল বাফুফে। আড়াই শতাধিক জীবনবৃত্তান্ত থেকে বিশেষ বাছাই কমিটি ২২ জনের একটি তালিকা তৈরি করে। পরে সেখান থেকে ১১ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয় এবং তাদের সাক্ষাৎকার নেন ফেডারেশনের কর্মকর্তারা।

ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ বেশি থাকলেও প্রতিনিধি পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত তা আর এগোয়নি। পরে অন্য প্রার্থীদের মধ্যে থেকে থমাস ডুলিকেই বেছে নেয় বাফুফে।

বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা রয়েছে ডুলির। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন। ১৯৯৪ বিশ্বকাপেও অংশ নেন তিনি। পরে ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইয়ুর্গেন ক্লিন্সমানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন ডুলি।

একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ হিসেবে পরিচিত এই কোচ এশিয়ার ফুটবলের বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কেও অভিজ্ঞ। তার অধীনে ফিলিপাইন জাতীয় দল ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং নিজেদের সর্বোচ্চ বিশ্ব অবস্থান অর্জন করে।

সবশেষ গায়ানা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ছিলেন ডুলি। তার অধীনে গায়ানা চারটি ম্যাচের সবকটিতেই জয় পায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, থমাস ডুলিকে নিয়োগ দেওয়ার মাধ্যমে তারা আশাবাদী। তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল দলে পরিণত করাই হবে তার মূল লক্ষ্য।

নতুন যুগের শুরু, বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে থমাস ডুলি,থমাস ডুলি,বাংলাদেশ ফুটবল দল,নতুন যুগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত