মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

প্রকাশ : ২৯ মে ২০২৬, ১০:৩৩ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবেই দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী এই মহাতারকার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

বৃহস্পতিবার ঘোষিত স্কোয়াডে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়ই জায়গা ধরে রেখেছেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ মোট ১৭ জন খেলোয়াড় আবারও বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন।

কোচ লিওনেল স্কালোনি শিরোপাজয়ী দলের মূল কাঠামো অক্ষুণ্ন রেখেছেন। তবে গুঞ্জন থাকলেও অবসর ভেঙে দলে ফেরানো হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন আর্জেন্টাইন এই উইঙ্গার।

ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার দলে ফিরেছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার।

এবারের দলে তরুণদেরও প্রাধান্য দিয়েছেন স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা ও জোসে ম্যানুয়েল লোপেজ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।

তবে জায়গা হয়নি কয়েকজন আলোচিত ফুটবলারের। ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন লেফট ব্যাক মার্কোস আকুনা। এছাড়া রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথ ডিফেন্ডার মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়াও দলে জায়গা পাননি।

‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তারা মুখোমুখি হবে জর্ডান ও অস্ট্রিয়ার।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্তিনেজ।