হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৮:২১ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা থাকছে না।
বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন।
আদালতের এ আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা নেই।
রিটের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আর বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে গত ৬ মে ২০২৬ সালের সাধারণ পরিষদ গঠন ও পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।
ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে গত ১৮ মে হাইকোর্টে রিট করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। অন্য রিটকারীরা হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।
