বিশ্বকাপ দেখাবে দেশের ৩ টিভি চ্যানেল
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৫:২৬ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

দেশের ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর এসেছে। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টিভি এবং টি-স্পোর্টস-এ বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। দীর্ঘদিন সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তা থাকলেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় বিটিভি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব নিয়ে তা সময় টিভি ও টি-স্পোর্টসের সঙ্গে ভাগাভাগি করার উদ্যোগ চূড়ান্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর ফলে দেশের দর্শকরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ, হাইলাইটস এবং বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। বিশেষ করে বিটিভির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও সহজে বিশ্বকাপের খেলা দেখতে পারবেন।
বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কয়েক সপ্তাহ ধরে ফুটবলপ্রেমীদের মধ্যে অনিশ্চয়তা ছিল। কারণ বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্বত্ব কিনতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সেই জটিলতার সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে দর্শকদের মধ্যে।
এবারের বিশ্বকাপ নানা দিক থেকে ব্যতিক্রমী। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। পাশাপাশি প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো—যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে।
