ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতের কাছে হেরে ট্রফি হাতছাড়া ঋতুপর্নাদের

ভারতের কাছে হেরে ট্রফি হাতছাড়া ঋতুপর্নাদের

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-১ গোলে হেরে সেই হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে চুরমার মারিয়া-ঋতুপর্ণাদের।

প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। পিছিয়ে পড়া বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন ম্যাজিক্যাল ঋতুপর্ণা চাকমা। তবে তার সেই গোল বিফলে যায় দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েদের অগোছালো ফুটবলে। বিশেষ করে ভঙ্গুর রক্ষণভাগের কারণেই বাংলাদেশকে হারতে হয়েছে ভারতের কাছে।

ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাজানো ৪-৪-২ ছকে প্রথমার্ধে বেশ গোছানো ফুটবল খেলেছিল বাংলাদেশ। আক্রমণভাগে তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র কয়েকটি ভালো সুযোগ পেলেও সেগুলো গোলের দেখা পায়নি।

ম্যাচের ৪২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ভারতের হয়ে প্রথম গোলটি করেন পেয়ারি জাজা। সেই গোলের মাধ্যমে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে পিছিয়ে পড়ার পরও মনোবল হারায়নি বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরা খাতুনের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা। তার গোলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরপরই আবার ধাক্কা খায় বাংলাদেশ। ৪৬ মিনিটে ভারতের দ্রুতগতির আক্রমণ থেকে আসে দ্বিতীয় গোল। এতে আবারও পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। মাঝমাঠ ও আক্রমণে আগের ধার দেখা যায়নি। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ভারত। রক্ষণভাগের ভুলে বল পেয়ে বদলি খেলোয়াড় লিন্ডা কম সহজ ফিনিশিংয়ে দলের তৃতীয় গোলটি করেন।

শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ৩-১ গোলের জয় নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি পুনরুদ্ধার করে ভারত।

আবা/এসআর/২৬

ভারত,হার,ট্রফি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত