ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিসিবি নির্বাচন আজ

বিসিবি নির্বাচন আজ

আজ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচন। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিনে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিসিবিতে মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টি ইতোমধ্যেই কার্যকরভাবে নির্ধারিত হয়ে গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন এবং আরও দুজন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত হবেন। অর্থাৎ আজকের নির্বাচনে ১৫ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হন ১০ জন পরিচালক। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে ১২ জন আর ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার, অধিনায়ক, সার্ভিসেস) থেকে নির্বাচিত হন ১ জন পরিচালক।

এবার ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও সাবেক বিসিবি পরিচালজ সিরাজউদ্দিন মোঃ আলমগীর।

ক্যাটাগরি-১ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হলেও সব বিভাগের ক্ষেত্রে বন্টন সমান নয়। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে নির্বাচিত হন দুজন করে পরিচালক। আর রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল থেকে নির্বাচিত হন একজন করে।

চট্টগ্রাম বিভাগ থেকে দুজন কাউন্সিলর নির্বাচনে মনোনয়ন দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন- মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত রাজশাহী বিভাগ থেকে, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন রংপুর বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন- সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

আবা/এসআর/২৬

বিসিবি,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত