বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৬:৩২ | অনলাইন সংস্করণ

সৌম্য সরকার শুরুতেই ফিরে যান, আর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিমও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। এরপর লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়ের জুটিতে বাংলাদেশ ম্যাচে ফিরে আসে। ৪৮ রানে ক্র্যাম্পে আক্রান্ত হয়ে লিটন মাঠ ছাড়তে বাধ্য হন।

পরবর্তীতে হৃদয় ও মোসাদ্দেক দুইজনই ফিফটি করেন। শেষদিকে চোট কাটিয়ে ফিরে এসে লিটন নিজের ফিফটিও পূর্ণ করেন। এতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার জন্য একটি চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায়।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে বাংলাদেশ ২৭৪ রান সংগ্রহ করে। ইনিংস সর্বোচ্চ ৮৩ রান করেন তাওহিদ হৃদয়। লিটন দাস করেন ৫৮ রান এবং মোসাদ্দেক হোসেন করেন ৫৫ রান।

এই চ্যালেঞ্জিং রান সংগ্রহে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৭ ওভার শেষে ২ ইউকেটে ৫২ রান।  

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে কানায় লেগে স্টাম্প ভেঙে যায় সৌম্য সরকারের। তিনি ৪ বল খেলে ২ রান করেন। পাওয়ার প্লের শেষ ওভারে আউট হন তানজিদ তামিম। ম্যাট রেনশর অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অনের ওপর দিয়ে খেলতে গিয়ে টাইমিংয়ে ব্যর্থ হন তিনি এবং রাইলি মেরেডিথের হাতে ক্যাচ দেন। এতে ৫৬ বলে ৫১ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। তামিম করেন ২০ বলে ১৯ রান (১ ছক্কা, ২ চার)।

এরপর রেনশর শিকার হন নাজমুল হোসেন শান্ত, যিনি সুইপ করতে গিয়ে বোল্ড হন। তিনি ৫০ বলে ২৪ রান করেন। ইনিংসের ১৫তম ওভারে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। এরপর লিটন ও তাওহিদ হৃদয় মিলে ৯২ রানের জুটি গড়ে দলকে স্থিতিশীল করেন। তবে পায়ের পেশিতে টান লাগায় লিটনকে মাঠ ছাড়তে হয়, এতে জুটি ভেঙে যায়।

পরে মোসাদ্দেক হোসেন দ্রুত রান তোলার চেষ্টা করেন এবং টানা দুই ওভারে তিনটি চার মারেন। অন্যদিকে হৃদয় ধীরে ধীরে ফিফটি পূর্ণ করে পরে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। ৪৬তম ওভারে আউট হওয়ার আগে তিনি ৮৮ বলে ৮৩ রান করেন। এরপরই মোসাদ্দেক ৪৩ বলে নিজের ফিফটি পূর্ণ করেন।

লিটন ৪৮ রানে থাকাকালীন ইনজুরি কাটিয়ে ৪৯তম ওভারে আবার মাঠে ফেরেন এবং ফিরে এসে ওয়ানডেতে নিজের প্রথম ফিফটিও তুলে নেন।

অস্ট্রেলিয়ার হয়ে জেভিয়ার বার্টলেট ও ম্যাট রেনশ দুইজনই ২টি করে উইকেট নেন।