শুরুতেই কুরাসাওকে পেছনে ফেললো জার্মানি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২৩:২৫ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ ‘ই’-তে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিতভাবেই দাপট দেখাতে শুরু করেছে জার্মানি। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে কুরাসাওকে চাপে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেলিক্স নমেচার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো জার্মানরা।

মরক্কোর রেফারি জালাল জায়েদের বাঁশিতে খেলা শুরু হওয়ার পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। হুলিয়ান নাগেলসম্যানের দল শুরু থেকেই শারীরিক শক্তি ও দ্রুত পাসিং ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলে। তৃতীয় মিনিটেই নাথানিয়েল ব্রাউন বক্সে ঢোকার চেষ্টা করলেও সেই আক্রমণ সফল হয়নি।

ম্যাচের প্রথম পাঁচ মিনিটে বড় কোনো সুযোগ তৈরি না হলেও বলের দখলে ছিল পুরোপুরি জার্মানি। অন্যদিকে কুরাসাওয়ের জুনিনহো বাকুনা বাম দিক দিয়ে একবার আক্রমণে ওঠার চেষ্টা করলেও ফাউলের কারণে সেই প্রচেষ্টা থেমে যায়।

ষষ্ঠ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। এর আগে জামাল মুসিয়ালার একটি শট কুরাসাও ডিফেন্ডার আরমান্দো ওবিসপো ব্লক করেছিলেন। তবে বলের নিয়ন্ত্রণ ধরে রাখে জার্মানি। এরপর লিভারপুল তারকা ফ্লোরিয়ান ভির্ৎজ দারুণ এক ছোট পাস বাড়িয়ে দেন ফেলিক্স নমেচার উদ্দেশে। সুযোগ বুঝে প্রথম ছোঁয়াতেই ডান কোণে নিখুঁত কার্লিং শটে বল জড়িয়ে দেন জালে। গোলরক্ষক এলোই রুমের কোনো সুযোগই ছিল না।

ভির্ৎজের চমৎকার অ্যাসিস্ট আর নমেচার দুর্দান্ত ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতেই রয়েছে।

 

আবা/এসআর/২৬