পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস গড়লো কঙ্গো
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৭:০৩ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হলো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে। হিউস্টন স্টেডিয়ামে সমানে সমান লড়ে ডিআর কঙ্গো ১-১ রুখে দিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই ইউরোপিয়ান পরাশক্তির বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে তারা।
প্রথমার্ধে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটে নেভেসের হেড থেকে গোল পেয়ে এগিয়ে যায় পর্তুগাল। বাম দিক থেকে পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে নেভেস বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোলের পরও পর্তুগাল বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ডিআর কঙ্গো ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। রক্ষণে অধিনায়ক চানসেল বেমবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আক্রমণে উইসা কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করেন।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ডিআর কঙ্গো একটি কর্নার আদায় করে। সেই কর্নার থেকেই আসে ঐতিহাসিক মুহূর্ত। ডান দিক থেকে আসা ক্রসে ফার পোস্টে সম্পূর্ণ ফাঁকায় থাকা উইসা উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে গোল করেন। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ডিআর কঙ্গোর প্রথম গোলটি আসে এবং স্কোরলাইন দাঁড়ায় ১-১।
বিরতির পরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে ডিআর কঙ্গো। ৫৮ মিনিটে সেদরিক বাকাম্বুর শট পোস্টে লেগে ফিরে আসে। যদিও এর আগে অফসাইডের বাঁশি বাজানো হয়েছিল। অন্যদিকে পর্তুগাল একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ৫৬ মিনিটে জোয়াও ক্যান্সেলোর অসাধারণ ওভারহেড কিকে বল জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
৬৯ মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ পান রোনালদো। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট পোস্টের বাইরে চলে যায়। এরপরও কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি পর্তুগিজ অধিনায়ক।
আবা/এসআর/২৬
