শেষ মুহূর্তের গোলে নকআউটে পৌঁছে গেলো জার্মানি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৬:৩৫ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

প্রথমার্ধে পিছিয়ে পড়া, দুটি গোল বাতিল হওয়া এবং দীর্ঘ সময় গোলশূন্য থাকার হতাশা; সবকিছু পেছনে ফেলে শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। আর শেষ মুহূর্তের এই গোলেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করলো দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল জার্মানি। কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা এবং লুকাস এনমেচা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। বরং প্রথমার্ধে এগিয়ে যায় আইভরি কোস্ট।

৩০ মিনিটে বাম দিক থেকে গড়ে ওঠা এক আক্রমণে আমাদ দিয়ালোর শট অসাধারণভাবে ব্লক করেন নাথানিয়েল ব্রাউন। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি ফ্রাঙ্ক কেসি। কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে আইভরি কোস্টকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধে জার্মানি দুইবার বল জালে পাঠালেও গোল দুটি বাতিল হয়। প্রথমে আলেকজান্ডার পেভলোভিচ এবং পরে জামাল মুসিয়ালার ফাউলের কারণে গোলগুলো স্বীকৃতি পায়নি।

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা উনদাভ। ৬৮তম মিনিটে আরেক বদলি নাদিম আমিরির ক্রস কাই হাভার্টজকে এড়িয়ে গেলেও ঠিকই পৌঁছে যায় উনদাভের কাছে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত ভলিতে গোল করে জার্মানিকে সমতায় ফেরান তিনি।

এরপর ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। লুকাস এনমেচা ঠান্ডা মাথায় বক্সের ভেতরে পাস বাড়িয়ে দেন উনদাভের উদ্দেশে। এক টাচে ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী শটে বল জালে জড়িয়ে জার্মানির অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন এই স্ট্রাইকার।

 

আবা/এসআর/২৬