স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিলো কেপ ভার্দে
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৬:৩২ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

কেপ ভার্দের রূপকথার গল্প যেন চলছেই। প্রথম ম্যাচে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য রুখে দিয়েছিল। এবার তারা ২-২ গোলে ড্র করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। রোমাঞ্চকর এই লড়াইয়ে দুই দলই জয়ের সুযোগ পেলেও, শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করেই।
ম্যাচের ২১তম মিনিটে কেভিন পিনার দুর্দান্ত ফ্রি-কিক থেকে এগিয়ে যায় কেপ ভার্দে। তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। ৪৪ মিনিটে ম্যাক্সি আরাউজো সমতা ফেরান এবং যোগ করা সময়ে অগাস্টিন গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
তবে দ্বিতীয়ার্ধেও হাল ছাড়েনি কেপ ভার্দে। ৬১তম মিনিটে উরুগুয়ের গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান হেলিও ভ্যারেলা।
এরপর দুই দলই বার বার আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি।
উরুগুয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে শক্তিশালী স্পেনের বিপক্ষে। ওই ম্যাচে হারলে ফেদে ভালভার্দেদের গ্রুপ পর্বে বিদায় নিতে হবে। কারণ গ্রুপের তৃতীয় দল হিসেবেও মাত্র দুই পয়েন্ট নিয়ে নকআউট পর্বে যেতে পারবে না। গ্রুপের শেষ ম্যাচে কেপ ভার্দে ও সৌদি মুখোমুখি হবে। উরুগুয়ে স্পেনের বিপক্ষে হারলে সৌদি ও কেপ ভার্দে ম্যাচের জয়ী দল নকআউটে চলে যাবে। সমতা হলে কেপ ভার্দে উঠে যাবে নকআউটে।
আবা/এসআর/২৬
