অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৭:৫৬ | অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জে গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দল সাজাতে গিয়ে একটি পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর আর্জেন্টিনা এবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচে শক্তিশালী পারফরম্যান্সের পরও কোচিং স্টাফরা সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়েই শুরুর একাদশে সামান্য রদবদলের কথা ভাবছে, যদিও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

সবচেয়ে নিশ্চিত পরিবর্তন আসছে ডান ফুলব্যাক পজিশনে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গঞ্জালো মন্টিয়েল এই ম্যাচে মাঠে নামতে পারবেন না। তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় সুযোগ পাচ্ছেন নাহুয়েল মোলিনা, যিনি কোচ লিওনেল স্কালোনির আস্থাভাজন এবং প্রথম পছন্দের ডান প্রান্তের ডিফেন্ডার হিসেবে বিবেচিত।

দলটির বাকি অংশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে খেলা দশজন খেলোয়াড়ই প্রায় নিশ্চিতভাবেই নিজেদের জায়গা ধরে রাখছেন। তবে দুটি পজিশন নিয়ে সামান্য অনিশ্চয়তা এখনও রয়ে গেছে, বিশেষ করে আক্রমণভাগ ও মিডফিল্ডের সংযোগে।

আক্রমণভাগে জুলিয়ান আলভারেজ ফের শুরু থেকে খেলবেন কি না, তা নিয়ে আলোচনা রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে তিনি নিজের গোড়ালির ইনজুরি কাটিয়ে ফেরার ইঙ্গিত দেন। তবে এখনও পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় লাউতারো মার্টিনেজই শুরুর একাদশে এগিয়ে আছেন। ফলে ধারণা করা হচ্ছে, স্কালোনি এই ম্যাচেও লাউতারোর ওপরই আস্থা রাখবেন।

মাঝমাঠ ও উইংয়ের আরেকটি প্রশ্ন হলো থিয়াগো আলমাদা ও নিকোলাস গনসালেসের মধ্যে কে শুরুর একাদশে থাকবেন। যদিও দুইজনই বিবেচনায় আছেন, তবে বর্তমান পরিস্থিতিতে আলমাদাই আবারও শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি।

রক্ষণভাগে বাম ফুলব্যাক হিসেবে ফাকুন্দো মেদিনাকে রাখা হচ্ছে, কারণ নিকোলাস তাগলিয়াফিকো এখনও ক্যালফ ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তাকে ঝুঁকিতে না ফেলার সিদ্ধান্ত নিয়েছে দল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে তাগলিয়াফিকোকে খেলানোর সম্ভাবনা রয়েছে, একইভাবে লিয়ান্দ্রো পারেদেসকেও ফিটনেস ফেরানোর লক্ষ্যে কিছু সময় মাঠে দেখা যেতে পারে।

নিকোলাস তাগলিয়াফিকো ও পারেদেস দুজনই ইনজুরি কাটিয়ে দলে ফেরায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা সম্পূর্ণ স্কোয়াড নিয়েই মাঠে নামার সুযোগ পাচ্ছে।

সব মিলিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ, ডান পাশে নাহুয়েল মোলিনা, সেন্টার ব্যাকে ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ, বাম পাশে ফাকুন্দো মেদিনা, মাঝমাঠে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ, আক্রমণভাগে থিয়াগো আলমাদা অথবা নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ-
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা/নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।