
ইরাকের বিপক্ষে জয়ের মাধ্যমে শেষ ৩২ নিশ্চিত করল গতবারের রানার্স আপ ফ্রান্স। সোমবার (২২ জুন) ইরাককে ৩-০ গোলে হারিয়েছে দেশমের দল। জোড়া গোল করেছেন এমবাপ্পে, বাকি গোলটি এসেছে দেম্বেলের পা থেকে।
প্রথম হাফে এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের ১৪তম মিনিটে অলিসের পাস থেকে গোল করেন রিয়াল মাদ্রিদের এই তারকা। এই গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে বৈরী আবহাওয়ার কারণে খেলা ২ ঘণ্টা বন্ধ থাকে। এরপর আবহাওয়া কিছুটা ভালো হলে খেলা আবার মাঠে গড়ায়। মাঠে নেমেই আবারও ঝলক দেখান এমবাপ্পে। ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বনে যান যৌথভাবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপে এখন জার্মান কিংবদন্তি ক্লোজা ও এমবাপ্পের গোল সংখ্যা ১৬, তাদের উপরে ১৮ গোল নিয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি।
এরপর আক্রমণের পসরা সাজায় ফ্রান্স। একের পর এক আক্রমণ করে ইরাককে কোণঠাসা করে ফেলে তারা। এরই মাঝে উসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন। আর এই ৩-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।
আবা/এসআর/২৬