
উসমান দেম্বেলের চোখ ধাঁধানো হ্যাটট্রিক এবং তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়ের গোলে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসিরা। এই জয়ের ফলে গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো কিলিয়ান এমবাপ্পের দল।
বস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নরওয়ের রক্ষণভাগকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন উসমান দেম্বেলে। মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়েন পিএসজির এই ফরোয়ার্ড।
অপরদিকে, নরওয়ের হয়ে ২১ মিনিটে থেলো অসগার্ড একটি গোল শোধ করলেও ৫০ মিনিটে ইয়র্গেন স্ট্রান্ড লারসেনের পেনাল্টি মিস তাদের ম্যাচে ফেরার আশা শেষ করে দেয়। ম্যাচের যোগ করা সময়ে দেজিরে দুয়ের গোল ফ্রান্সের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে।
নকআউট নিশ্চিত হলেও শেষ ৩২ দলের রাউন্ডে ফ্রান্সের প্রতিপক্ষ কোন দল, তা এখনো নিশ্চিত হয়নি। গত আসরের রানার্সআপদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘সি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’, ও ‘এইচ’ গ্রুপের মধ্যে তৃতীয় সেরা কোনো দল। সেটা সুইডেন হওয়ার সম্ভাবনাই বেশি। আর গ্রুপ রানার্স আপ হওয়ায় নরওয়ে এখন নকআউটে মুখোমুখি হবে ‘ই’ গ্রুপের রানার্স আপ আইভরিকোস্টের।
আবা/এসআর/২৬