ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

শেষ মুহূর্তের গোলে সেরা ষোলোতে পৌঁছে গেলো কানাডা

শেষ মুহূর্তের গোলে সেরা ষোলোতে পৌঁছে গেলো কানাডা

চলমান বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেলো স্বাগতিক কানাডা। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময় যখন শেষ, ঠিক তখনই গোল করে বসলেন কানাডার স্টিভেন ইউস্তাকিও। চলতি বিশ্বকাপে তার প্রথম গোলে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারালো কানাডা।

নাটকীয় এই জয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে বিশ্বকাপের সহআয়োজক কানাডা। আর দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙেছে প্রথমবার নকআউটে এসেই।

ম্যাচের শুরু থেকেই বল দখলে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও আক্রমণে বেশি ধার ছিল কানাডার। প্রথম ডিহাইড্রেশন ব্রেকের আগপর্যন্ত ৬৫ শতাংশ বল নিজেদের পায়ে রাখে প্রোটিয়ারা। তবে কানাডা এরই মধ্যে তিনটি শট নেয়। ম্যাচের ২২তম মিনিটে কানাডার ডেরেক কর্নেলিউস খুব কাছ থেকে হেড নিলেও তা সোজাসুজি চলে যায় দক্ষিণ আফ্রিকার গোলকিপার রনওয়েন উইলিয়ামসের হাতে।

৪৪তম মিনিটে লিড প্রায় পেয়েই গিয়েছিল কানাডা। ময়জে বোমবিতোর হেড যখন জালে জড়াচ্ছিল, গোলকিপার উইলিয়ামস তখন লাইনের বাইরে ছিলেন। তবে লাইনের ভেতরে দাঁড়িয়ে অবিশ্বাস্যভাবে বল ক্লিয়ার করে দলকে বাঁচান দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার অব্রে মদিবা। একই আক্রমণের ফিরতি শটটিও ঠেকিয়ে দেন প্রোটিয়া গোলকিপার।

প্রথমার্ধের বিরতির বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে পেনাল্টি দাবি করেছিল কানাডা। দক্ষিণ আফ্রিকার মুদাও বলের লড়াইয়ে লারিয়াকে ফাউল করেছেন বলে অভিযোগ ওঠে। বিরতির বাঁশি বাজতেই ক্ষোভ নিয়ে মাঠেই রেফারির দিকে ছুটে যান কানাডা কোচ জেসি মার্শ। তবে রেফারি এবং পরবর্তীতে ভিএআর পেনাল্টির আবেদন নাকচ করে দিলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কানাডা। ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের দুর্দান্ত একটি শট পা বাড়িয়ে রুখে দেন দক্ষিণ আফ্রিকার গোলকিপার উইলিয়ামস। ওই সেভের পর ফিরতি বলে আবারও গোলের সম্ভাবনা তৈরি হলেও প্রোটিয়া ডিফেন্ডার এমবোকাজি তা ক্লিয়ার করেন।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল এবং সবাই ধরে নিয়েছিল লড়াই যাবে ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে, তখনই দৃশ্যপটে হাজির হন স্টিভেন ইউস্টাকিও। ৯১তম মিনিটে তার করা চমৎকার গোলে উল্লাসে মেতে ওঠে পুরো কানাডা শিবির। বাকি সময়ে দক্ষিণ আফ্রিকা আর ম্যাচে ফিরতে না পারলে ১-০ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে জেসি মার্শের দল।

আবা/এসআর/২৬

গোল,কানাডা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত