
বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই আরও একটি অসাধারণ ম্যাচ উপহার দিলো ফ্রান্স। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে সুইডেনকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে অনায়াসে শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।
এতে চলতি বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকেই বিদায় হয়ে গেছে সুইডেনের। অন্যদিকে দাপুটে জয়ে ফ্রান্স নিশ্চিত করেছে শেষ ষোলো।
নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে সুইডেন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সময়ের সঙ্গে সঙ্গে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে কিলিয়ান এমবাপের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এছাড়া মাইকেল অলিজের দুর্দান্ত এক বাইসাইকেল কিক পোস্টে লেগে ফিরে আসে।
তবে বিরতির ঠিক আগে ব্যবধান গড়ে দেয় ফ্রান্স। দারুণভাবে সাজানো একটি শর্ট কর্নার থেকে বল পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন এমবাপে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। মাইকেল অলিজের চমৎকার থ্রু পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি।
ম্যাচের ৭৪তম মিনিটে আবারও অলিজের নিখুঁত পাসে রক্ষণভাগ ভেঙে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন ফরাসি অধিনায়ক। চলতি আসরে এটি তার ষষ্ঠ গোল।
আবা/এসআর/২৬