
ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমবারের মতো জায়গা করে নিয়ে ইতিহাস গড়লো নরওয়ে। ভাইকিং দেশটির জয়ের নায়ক আবারও আরলিং হালান্ড; ম্যাচের শেষ দিকে জ্বলে উঠে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার জোড়া গোলেই ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে নরওয়ে।
ম্যাচের শুরুতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিয়ল্যান্ড ছিলেন দুর্দান্ত। ১৪ মিনিটে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি, যা ম্যাচের বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। পরে শেষ দিকে এন্দ্রিকের শটও রুখে দেন তিনি। তবে যোগ করা সময়ে নেইমারের পেনাল্টিতে একটি গোল হজম করলেও, ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল নরওয়ের হাতে।
অন্যদিকে আক্রমণে শুরুতে নিষ্প্রভ থাকলেও ম্যাচের শেষ ভাগে ভয়ঙ্কর হয়ে ওঠেন হালান্ড। ৮০তম মিনিটে আন্দ্রেয়াস শেলডেরাপের নিখুঁত ক্রসে দারুণ হেডে নরওয়েকে এগিয়ে দেন এই তারকা স্ট্রাইকার। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর আর কিছুই করতে পারেননি নেইমার-ভিনিরা। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময় আসে সাত মিনিট। এই সাত মিনিটেই বাড়ে নাটকীয়তা। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি পায় ব্রাজিল। আর স্পটকিক থেকে গোল করেন নেইমার। সান্ত্বনার সেই গোলেই ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।
আবা/এসআর/২৬