
৯০ মিনিটের খেলায় কোনো গোল না হওয়ায় অতিরিক্ত ৩০ মিনিট মাঠে গড়ায় সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ। কিন্তু সেখানেও থাকে গোলশূন্য সমতা। পরে টাইব্রেকারে ম্যাচ গড়ালে সেখানে ৪-৩ ব্যবধানে জিতে দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো সুইজারল্যান্ড।
এদিন আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে কলম্বিয়া আধিপত্য বিস্তার করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ু ধরে রেখে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় সুইজারল্যান্ড। কলম্বিয়া তাদের পাঁচটি শটের মধ্যে দুটি মিস করে, যা তাদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।
এই জয়ের ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নির্ধারিত হয়ে গেল এক আকর্ষণীয় ম্যাচ। আগামী ১২ জুলাই রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। দুই দলের এই লড়াই এখন ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ৭২ বছর পর বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের এই পুনর্জাগরণ কি পারবে লিওনেল মেসির আর্জেন্টিনাকে রুখে দিতে? সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।
আবা/এসআর/২৬