ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল সংস্থা

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল সংস্থা

বিশ্বকাপ চলাকালেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্থিক লেনদেনে জালিয়াতি, কর ফাঁকি এবং অর্থপাচারের অভিযোগে সংস্থাটির বাণিজ্যিক কার্যক্রম নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

বুধবার (৮ জুলাই) আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনের বরাত দিয়ে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ফক্স স্পোর্টস মেক্সিকো।

তারা জানায়, ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এএফএ বর্তমানে অর্থ পাচার বা মানি লন্ডারিংয়ের গুরুতর অভিযোগের মুখে আছে। মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে এএফএ’র কয়েক কোটি ডলার লেনদেন এবং তাতে স্থানীয় আইন অনুযায়ী কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে এফবিআই।

প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে যৌথভাবে তদন্ত করছে এফবিআই। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এএফএর আন্তর্জাতিক স্পন্সরশিপ ও বাণিজ্যিক আয় থেকে আসা কয়েকশ' মিলিয়ন ডলার কিভাবে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্থানান্তর করা হয়েছে।

বিশেষভাবে নজরে রয়েছে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রোডএন্টার এলএলসি। বিদেশে এএফএর বিপণন আয় ও আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল এই প্রতিষ্ঠান।

লা নাসিওনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোপন ব্যাংকিং নথি পর্যালোচনা করে দেখা গেছে, এএফএর অন্তত ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ফ্লোরিডার একাধিক শেল কোম্পানির মাধ্যমে স্থানান্তর করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের কোনো কর্মচারী নেই, এমনকি উল্লেখযোগ্য বাণিজ্যিক কার্যক্রমেরও প্রমাণ মেলেনি।

আবা/এসআর/২৬

এফবিআই,তদন্ত,আর্জেন্টিনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত