জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারলো বাংলাদেশ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২৩:৩৩ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

বেন কারানের সেঞ্চুরি আর ব্রাড ইভান্সের ঝোড়ো ফিফটিতে ২৪৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট হাতে বাংলাদেশ শুরু থেকেই নিয়মিত উইকেট হারানোর ধারাবাহিকতায় মাত্র ২৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে। টানা দুই ম্যাচে হতশ্রী ব্যাটিংয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজও খুইয়েছে সফরকারীরা।

বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। টস হেরে আগে ব্যাটিং করা জিম্বাবুয়ে ২৪৭ রান করেছিল। জবাবে ২৩৪ রানে অলআউট হয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে এ নিয়ে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

লক্ষ্য তাড়ায় মাত্র ১৩ রানে সৌম্য সরকারকে হারানোর পর পাওয়ার প্লের মধ্যেই ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান।

৫৯ বলে ফিফটি তুলে নেওয়া তামিম ৭০ বলে ৫৭ রান করে ব্রায়ান বেনেটের বলে বোল্ড হলে ভাঙে সেই জুটি। এরপর হৃদয় ধৈর্য ধরে ইনিংস গড়ে ৯০ বলে ৬০ রান করেন। নুরুল হাসান সোহান ৪১ বলে ৩৮ রান করে ভালো সঙ্গ দিলেও শেষ দিকে ইনিংস বড় করতে পারেননি।

জয়ের জন্য শেষ ১০ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৫৭ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে হৃদয়, মোসাদ্দেক হোসেন, সোহান ও রিশাদ হোসেন দ্রুত ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় সফরকারীরা।

শেষ পর্যন্ত অধিনায়ক মিরাজ ২৮ বলে ২৫ রান করেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। ৪৯তম ওভারের প্রথম বলেই তার বিদায়ের পর ৪৯.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়লেও বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরি ও ব্র্যাড ইভান্সের ঝোড়ো ফিফটিতে ৬ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

 

আবা/এসআর/২৬