সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২০:০০ | অনলাইন সংস্করণ

বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা দলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না প্রধান কোচ লিওনেল স্কালোনি। স্থানীয় শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি জানান, মিসরের বিপক্ষে জেতা দলটিই প্রায় অপরিবর্তিত রাখতে পারেন তিনি। তবে একাদশে দুটি জায়গা নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ সময় রোববার সকালে কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচের আগে স্কালোনি বলেন, "আমি আগেও একই দল একাধিকবার খেলিয়েছি। এবারও সেটি হতে পারে। কিছু পরিবর্তনও আসতে পারে, তবে আপাতত আগের ম্যাচের দলের কাছাকাছিই থাকছি। মিসরের বিপক্ষে আমরা অনেক ভালো দিক দেখাতে পেরেছি।"
স্কালোনির কোচিং স্টাফের মূল্যায়ন, মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয়ের ম্যাচে দল দীর্ঘ সময় পিছিয়ে থাকলেও সামগ্রিকভাবে খেলায় নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনারই। তারা পর্যাপ্ত গোলের সুযোগ তৈরি করেছিল, তবে ফিনিশিংয়ের ঘাটতি এবং কিছু রক্ষণাত্মক ভুল ম্যাচটিকে কঠিন করে তোলে।
সে কারণেই সুইজারল্যান্ডের বিপক্ষেও একই কৌশল ও কাঠামো ধরে রাখতে চান স্কালোনি। তবে ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করেই চূড়ান্ত একাদশ ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে সবচেয়ে বড় দুটি প্রশ্ন রাইটব্যাক এবং মিডফিল্ডে। রাইটব্যাক পজিশনে গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মোলিনার মধ্যে লড়াই চলছে। অন্যদিকে মিডফিল্ডে নিকোলাস গনসালেস জায়গা পেতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে, যদিও এখন পর্যন্ত ম্যাক অ্যালিস্টারই এগিয়ে রয়েছেন।
সম্ভাব্য পরিবর্তনের তালিকায় থাকা এই দুই ফুটবলারই মিসরের বিপক্ষে বদলি হিসেবে নেমে আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আক্রমণভাগে অবশ্য জুলিয়ান আলভারেজের জায়গা আপাতত নিরাপদ বলেই মনে হচ্ছে, যদিও লাউতারো মার্তিনেজের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রয়েছে।
সব মিলিয়ে একাদশে বড় ধরনের রদবদলের সম্ভাবনা নেই। প্রয়োজন হলে কেবল নির্দিষ্ট কিছু পজিশনে পরিবর্তন আনবেন স্কালোনি, কারণ নকআউট পর্বে প্রতিটি সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা বা গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বা নিকোলাস গনসালেস; লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।
