ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ইংল্যান্ডের বিপক্ষে একাদশে যে পরিবর্তন আনতে পারে আর্জেন্টিনা

ইংল্যান্ডের বিপক্ষে একাদশে যে পরিবর্তন আনতে পারে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আজ বুধবার দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি নিজের শুরুর একাদশ চূড়ান্ত করার কাজ করছেন। কাতার বিশ্বকাপের চার বছর পর টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেই জানিয়েছেন, থমাস টুখেলের দলের শক্তি বিবেচনায় নিয়ে তিনি কিছু বিকল্প ভাবছেন। তিনি বলেন, "প্রতিপক্ষের কথা মাথায় রেখে আমরা কিছু পরিবর্তন করতে পারি। আমাদের লক্ষ্য হলো সেরা সম্ভাব্য একাদশ মাঠে নামানো। ছেলেরা ভালো অবস্থায় আছে।" তবে তিনি চূড়ান্ত একাদশ নিশ্চিত করেননি।

প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়ে নামা একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এটি ছিল চতুর্থবার, যখন স্কালোনি একই একাদশ মাঠে নামিয়েছিলেন। তবে কিছু পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কে বাদ পড়বেন বা কে সুযোগ পাবেন, তা এখনো পরিষ্কার নয়। বুধবার দলকে জানানোর সময়ই কোচ চূড়ান্ত একাদশ নিশ্চিত করবেন।

বর্তমানে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলার পরিকল্পনা নেই বলেই মনে হচ্ছে। যদি পরিবর্তন আসে, তা সম্ভবত মাঝমাঠে হবে। আর সেখানে চমকও থাকতে পারে। রদ্রিগো দে পল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। মিশরের বিপক্ষে ম্যাচের আগে তিনি একাদশ থেকে বাদ পড়ার কাছাকাছি ছিলেন এবং জাতীয় দলের শেষ দুই ম্যাচেই তাকে বদলি করা হয়েছে।

স্কালোনির অধীনে আর্জেন্টিনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় দে পল যদি এবার শুরুর একাদশের জায়গা হারান, তাহলে তার জায়গায় নিকোলাস গনসালেস অথবা জুলিয়ানো সিমিওনে সুযোগ পেতে পারেন।

আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে উঠে আসা খেলোয়াড়টি (নিকোলাস গনসালেস) প্রতিটি ম্যাচেই কোচের প্রথম দিকের বদলি খেলোয়াড়দের একজন ছিলেন এবং ভালো পারফর্ম করেছেন। তিনি যদি একাদশে থাকেন, তাহলে সম্ভবত বাম উইংয়ে খেলবেন। তবে ডান পাশে কে খেলবেন, তা এখনো অনিশ্চিত।

অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় জুলিয়ানো সিমিওনে সাধারণত ডান উইং-ব্যাক পজিশনের সামনে খেলতে বেশি অভ্যস্ত। তবে তার একাদশে থাকা কিছুটা চমক হতে পারে। কারণ তিনি শুধু জর্ডানের বিপক্ষে ম্যাচে শুরু থেকে খেলেছিলেন। এর আগে স্কালোনি তাকে যথেষ্ট সময় দিলেও তিনি মাত্র ছয়বার শুরুর একাদশে ছিলেন—হন্ডুরাস, আইসল্যান্ড ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে এবং বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ, উরুগুয়ে ও চিলির বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে।

এ ছাড়া অন্য পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাইট-ব্যাক পজিশনেও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। যদিও নাহুয়েল মোলিনা এখনো গঞ্জালো মন্তিয়েলের চেয়ে এগিয়ে আছেন।

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ---

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ

রক্ষণভাগ:

নাহুয়েল মোলিনা অথবা গঞ্জালো মন্তিয়েল,

ক্রিস্তিয়ান রোমেরো,

লিসান্দ্রো মার্টিনেজ,

নিকোলাস তাগলিয়াফিকো

মাঝমাঠ:

রদ্রিগো দে পল অথবা জুলিয়ানো সিমিওনে অথবা নিকোলাস গনসালেস,

লিয়ান্দ্রো পারেদেস,

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার,

এনজো ফার্নান্দেজ

আক্রমণভাগ:

লিওনেল মেসি,

হুলিয়ান আলভারেজ।

ইংল্যান্ড,বিপক্ষ,পরিবর্তন,আর্জেন্টিনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত