মারা গেছেন কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স মারা গেছেন। ৮৯ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই অসাধারণ দক্ষতার জন্য ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচিত হন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান।

স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। আধুনিক ক্রিকেটে অলরাউন্ডারের সংজ্ঞা যাদের হাত ধরে নতুন মাত্রা পেয়েছে, তাদের মধ্যে সোবার্স অন্যতম। প্রয়াত কিংবদন্তি ধারাভাষ্যকার ও সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিচি বেনো তাকে একবার আখ্যায়িত করেছিলেন, বিশ্ব ক্রিকেটে দেখা সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে। বেনোর ভাষায়, সোবার্স ছিলেন অসাধারণ ব্যাটসম্যান, দুর্দান্ত ফিল্ডার এবং এমন একজন বোলার, যিনি নতুন বল, বাঁহাতি স্পিন ও রিস্ট স্পিন সব ধরনের বোলিংয়েই সমান কার্যকর ছিলেন।

১৯৩৬ সালে বার্বাডোসে জন্ম নেওয়া সোবার্স মাত্র ১৬ বছর বয়সে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ১৯৫৩ সালে বার্বাডোসের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে খেলার পর অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ১৯৫৪ সালে টেস্ট অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা শুরু হয়।

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টনে খেলেন ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস। সেই ম্যাচে অপরাজিত ৩৬৫ রান করে তিনি এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড গড়েন। তার এই রেকর্ড টিকে ছিল দীর্ঘ ৩৬ বছর। ১৯৯৪ সালে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ৩৭৫ রান করে সেই রেকর্ড ভাঙেন।

স্যার গ্যারি সোবার্সের ক্যারিয়ারের আরেকটি অবিস্মরণীয় কীর্তি আসে ১৯৬৮ সালে। ইংল্যান্ডের সোয়ানসিতে গ্ল্যামরগানের সেন্ট হেলেন্স মাঠে প্রথম-শ্রেণির ক্রিকেটে এক ওভারের ছয়টি বলেই ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন তিনি। ক্রিকেটে স্বীকৃতভাবে ছয় বলে ছয় ছক্কার প্রথম কীর্তি হিসেবে ঘটনাটি আজও স্মরণীয়।

প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেন ৮,০৩২ রান এবং বল হাতে শিকার করেন ২৩৫টি উইকেট। ৫ হাজারের বেশি টেস্ট রান করা ব্যাটারদের মধ্যে তার ব্যাটিং গড় এখনো ইতিহাসের অন্যতম সেরা।

প্রথম-শ্রেণির ক্রিকেটেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। ৩৮৩ ম্যাচে ২৮ হাজারের বেশি রান করার পাশাপাশি নিয়েছেন এক হাজারেরও বেশি উইকেট। ক্যারিয়ারের শেষ দিকে সাউথ অস্ট্রেলিয়া ও নটিংহ্যামশায়ারের হয়েও খেলেছেন এই কিংবদন্তি।

 

আবা/এসআর/২৬