অনলাইন সংস্করণ
১২:০৩, ১২ আগস্ট, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। একই সঙ্গে দুই দশকের বেশি সময় পর এই মাঠেও টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।
আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট দিয়ে এক বছরের বেশি সময় পর আবার একসঙ্গে মাঠে নামছেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের 'বিগ থ্রি'---প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।
একাদশে ফিরেছেন অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সর্বশেষ অ্যাশেজের শেষ দুই টেস্টে খেলতে পারেননি তিনি।
অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পেয়েছেন দুই পেস বোলিং অলরাউন্ডার। ক্যামেরন গ্রিন নিজের জায়গা ধরে রেখেছেন। তার সঙ্গে একাদশে আছেন বো ওয়েবস্টার।
হ্যাজলউড ফেরায় একাদশের বাইরে থাকতে হচ্ছে স্কট বোল্যান্ডকে। গত বছরের অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি হ্যাজলউড। চোটের কারণে অ্যাশেজেও খেলতে পারেননি তিনি।
অন্যদিকে এই সময়ে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ধারাবাহিক ছিলেন বোল্যান্ড। অ্যাশেজের পাঁচটি টেস্টেই খেলেছেন এই পেসার। কামিন্স সেই সিরিজে খেলেছিলেন মাত্র একটি টেস্ট, আর লায়ন খেলেছিলেন দুটি। পাঁচ ম্যাচে ২০ উইকেট নিয়ে বোল্যান্ড ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল বোলার।
তবে সামনে ব্যস্ত সূচি থাকায় বোল্যান্ডের সুযোগের অভাব হবে না। আগামী ১২ মাসে অস্ট্রেলিয়া সর্বোচ্চ ২১টি টেস্ট খেলতে পারে। ফলে দলের পেস আক্রমণে তাঁকে নিয়মিতই প্রয়োজন হতে পারে।
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।