কাভা কাপে রানার-আপ হয়ে বিশেষ সংবর্ধনা পেল বাংলাদেশ ভলিবল দল

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১১:৪৩ | অনলাইন সংস্করণ

২০১৬ সালে বাংলাদেশ জাতীয় ভলিবল দল ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়ে র‌্যাংকিংয়ে ৬৫ নাম্বারে উঠে এসেছিল, যেটি ছিল দেশের ভলিবল দলের ইতিহাসে সর্বোচ্চ। এরপর নিয়মিত টুর্নামেন্টে অংশগ্রহণ না করায় ১৪৮ নম্বরে নেমে যায় দল। তবে গতমাসের ২৯ তারিখ আন্তর্জাতিক বড় এক অগ্রগতির গল্প লিখে পাকিস্তান থেকে দেশে ফিরেছিল দল।

কাভা কাপের এই আসরে চ্যাম্পিয়নশিপ ট্রফি না মিললেও রানার্স-আপ হয়ে লাল-সবুজের প্রতিনিধিরা জানান দিয়েছে তাদের ঘুরে দাঁড়ানোর বার্তা। টুর্নামেন্ট শুরুর আগে যেখানে অবস্থান ছিল বিশ্বে র‌্যাংকিংয়ে ১৪৮ নম্বরে, প্রতিযোগিতা শেষে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে একলাফে ৭৫ নম্বরে উঠে এসেছে তারা।

অর্জনকে উদযাপন করতে শহীদ নুর হোসেন ইনডোর ভলিবল স্টেডিয়ামে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ফেডারেশন। এতে সন্তোষ প্রকাশ করে খেলোয়াড়ের হাতে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার পুরস্কারের চেক তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, কখনো আমরা চ্যাম্পিয়ন হব, 'কখনো রানার্সআপ হব। বাট আমরা আমাদের খেলোয়াড়দের একটু উৎসাহিত করতে চাই। আমরা চাই যে রানার্সআপ হলেও আমরা তাদেরকে বিমুখ করতে চাই না। আমরা যে তাদের পাশে রয়েছি, আমাদের সরকার, আমাদের ফেডারেশন তাদের পাশে রয়েছে।'

বিশ্বমঞ্চে র‍্যাংকিংয়ে উত্তরণ আগামী দিনে দেশের ভলিবলকে অনেক দূর নিয়ে যাবে বলে বিশ্বাস খেলোয়াড়দের। সংবর্ধনা পেয়ে ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানান অধিনায়ক হরোশিত।

বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরোশিত বিশ্বাস বলেন, 'এই টুর্নামেন্টে একটা রেজাল্ট বাংলাদেশ দিতে পারছে, এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। টুর্নামেন্টগুলো আছে কন্টিনিউ আমরা যেন খেলতে পারি এবং আমরা ভালো একটা রেজাল্টও বাংলাদেশকে দিতে পারব আশা করি। এবং ধন্যবাদ জানাই তাদেরকে যে এত বড় টুর্নামেন্টটা খেলা শেষ করে আমাদের একটা সংবর্ধনার আয়োজন করছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া।'

যদিও এবার ট্রফি হাতছাড়া হয়েছে, তবুও অর্জিত র‍্যাংকিং এবং খেলোয়াড় ভাতার সুযোগ ভলিবল অঙ্গনে যে নতুন জোয়ার এনেছে, তা আগামী দিনগুলোতে এশিয় পর্যায়ে বাংলাদেশকে নিয়মিত চ্যাম্পিয়নশিপের দৌড়ে রাখবে—এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের।