স্পেনে আরও একটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ | অনলাইন সংস্করণ

স্পেনের ফুটবলে এবার আরও বড় বিনিয়োগের পথে লিওনেল মেসি। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসে কিনতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা। মালিকানা হস্তান্তরের চূড়ান্ত প্রক্রিয়া অবশ্য এখনো শেষ হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, বর্তমান মালিক কলম্বিয়ান বিনিয়োগকারী গোষ্ঠী টিএইচের কাছ থেকে ক্লাবটির শতভাগ শেয়ার কেনার বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সমঝোতা হয়েছে। মেসির আইনজীবীরা বেশ কিছুদিন ধরেই এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।

এই বিনিয়োগে মেসির সঙ্গে অন্য কোনো অংশীদার থাকছেন না। তবে চুক্তি চূড়ান্ত করার আগে ক্লাবের আর্থিক ও অন্যান্য বিষয় যাচাইসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। প্রয়োজন হবে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া পরিষদের অনুমোদনও। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এলদা শহরের মেয়র রুবেন আলফারোও সমঝোতার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 'প্রাথমিক সমঝোতা হওয়ার বিষয়টি আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে চুক্তিটি শেষ পর্যন্ত সম্পন্ন হয় কি না, দেখতে হবে।'

মেসির আগ্রহে আনন্দিত হলেও চুক্তি সম্পন্ন হওয়ার আগে সতর্ক থাকতে চান মেয়র। তার ভাষ্য অনুযায়ী, ক্লাবের বর্তমান সভাপতি কারোলিনা হলগুইন কয়েক দিন আগেই তাকে মালিকানা বিক্রির ইচ্ছার কথা জানিয়েছিলেন।

স্পেনের আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার মানুষের শহর এলদার ক্লাব এলদেনসে। গত চার মৌসুমের তিনটিতে দ্বিতীয় বিভাগে খেললেও এবার শুরুটা ভালো হয়নি। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট পাওয়ার পর গত রোববার কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করেছে ক্লাবটি।

স্পেনে ক্লাব মালিকানায় মেসির এটি প্রথম বিনিয়োগ নয়। গত ১৬ এপ্রিল দেশটির পঞ্চম স্তরের দল ইউই কর্নেয়ার মালিকানা কিনেছিলেন তিনি। এলদেনসের চুক্তি সম্পন্ন হলে একই বছরে স্পেনের দুটি ক্লাবের মালিক হবেন ইন্টার মায়ামির এই তারকা।