আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১ | অনলাইন সংস্করণ

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরে আইসিসিকে চিঠিও দিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ নিয়ে আইসিসির সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও তাদেরকে রাজি করানো যায়নি।

পরবর্তীতে তৎকালীন অর্ন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। বাংলাদেশের বিশ্বকাপ না খেলার পেছনে সত্যিই নিরাপত্তা শঙ্কা ছিল নাকি অন্য কোনো ব্যাপার ছিল- এসব নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেয় বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এ জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সালা দস্তগীরকে নিয়ে তিন সদস্যের কারণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়। 

দীর্ঘ কয়েক মাস শেষে ৩ সদস্যের সেই তদন্ত কমিটি আজ (মঙ্গলবার) তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কার নির্দেশে খেলতে যায়নি বাংলাদেশ দল-এসব উঠে এসেছে।