তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬ | অনলাইন সংস্করণ

সাম্প্রতিক বছরগুলোর ধারা থেকে বেরিয়ে আগামী আইপিএল ২০২৭-এর নিলাম ভারতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিবিআই)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৩ সালে কোচিতে অনুষ্ঠিত নিলামের পর সাম্প্রতিক বছরগুলোতে আইপিএল নিলাম ভারতের বাইরে দুবাই, জেদ্দা এবং আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার ক্ষুদ্র পরিসরের এই নিলামটি আবার দেশের মাটিতে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছে গভর্নিং কাউন্সিল। অবশ্য পরবর্তী আসরের মেগা নিলামটি আবারও বিদেশে অনুষ্ঠিত হতে পারে বলে বিশেষ সূত্রে জানা গেছে।
মিনি-নিলামের মতো ছোট ইভেন্টের জন্য পূর্ণাঙ্গ প্রতিনিধি দল নিয়ে বিদেশে যাতায়াত এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনার জটিলতা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো আপত্তি জানিয়েছিল। গত বছর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামের সময় তাদের মতামত বিবেচনা করে বিসিসিআই এ সিদ্ধান্ত নিয়েছে।
ভারতে অক্টোবর থেকে ডিসেম্বর সময়কালে বিয়ের মৌসুম চলায় পাঁচ তারকা হোটেল প্রাপ্তির ওপর নির্ভর করে চূড়ান্ত ভেন্যু বা শহর নির্ধারণ করা হবে। এই নিলাম আয়োজনের জন্য বিসিসিআইয়ের অন্তত কয়েকটি রাতের জন্য ১০০টিরও বেশি রুমের প্রয়োজন পড়ে।
চলতি সভায় বহুল আলোচিত 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়মের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী এক মাসের মধ্যে আবারও গভর্নিং কাউন্সিলের বৈঠক ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিয়মের বিপক্ষে হলেও, তারা ইতোমধ্যেই এই নিয়ম মাথায় রেখে দল গুছিয়ে ফেলায় সিদ্ধান্তটি অন্তত আরও এক বছর বহাল রাখা বা মেগা নিলামের সময় তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছে।
