৩০ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১০ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

দিল্লিতে নিয়মরক্ষার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান ভারতীয় ওপেনার অভিষেক শর্মা।  শেষ পর্যন্ত মাত্র ৩০ বলে তুলে নিলেন সেঞ্চুরি।

আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া ভারতীয় কোনো ব্যাটারেরও টি-টোয়েন্টিতে এটি দ্রুততম সেঞ্চুরি এবং সবমিলিয়ে বিশ্বে তৃতীয় দ্রুততম।

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। এতদিন ভারতীয় কোনো ব্যাটারের সেটিই ছিল টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব দেশের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের দখলে। ২০২৪ সালের জুনে এপিস্কপিতে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি হাঁকান এই ব্যাটার।

২০২৫ সালের জুলাইয়ে বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে তুরস্কের মোহাম্মদ ফাহাদ। তার ঠিক পরেই আছেন অভিষেক শর্মা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ সেঞ্চুরি
১. সাহিল চৌহান (এস্তোনিয়া)-২৭ বল
২. মোহাম্মদ ফাহাদ (তুরস্ক)-২৯ বল
৩. অভিষেক শর্মা (ভারত)-৩০ বল
৪. নিকোল লফটি-ইটন (নামিবিয়া)-৩৩ বল
৫. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)-৩৩ বল।

 

আবা/এসআর/২৬