অনলাইন সংস্করণ
১৭:৩৯, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাপানের আইচি ও নাগোয়াতে চলমান এশিয়ান গেমসে পদকের তালিকায় বাংলাদেশের নাম ওঠালেন নারী উশুকা জিন্নাত আক্তার।
মঙ্গলবার নারীদের ৫২ কেজি ওজন শ্রেণীতে কোয়ার্টার ফাইনালে জিন্নাতের ইন্দোনেশিয়ান প্রতিপক্ষ ওজন কমাতে না পারায় ডিসকোয়ালিফাই হয়ে যান। তাতে বাংলাদেশের উশুকা উঠে যান সেমিফাইনালে এবং নিশ্চিত হয়েছে ব্রোঞ্জ পদক।
আগামীকাল চীনের প্রতিপক্ষের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনীর এই উশুকা। গেমসের নিয়ম অনুযায়ী উশুতে সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ নিশ্চিত হয়।
২০১৯ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে কখনো দ্বিতীয় হননি নেত্রোকোনার এই কিশোরী। ৭টি গোল্ড জেতা জিন্নাত প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো আসরে অংশ নিয়ে পদক নিয়েই ফিরছেন। তার ওপর পদকটি যখন এশিয়ান গেমসের মতো আসরে তার ওজন অনেক বেশি। তা যেভাবেই আসুক।
জাপান থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগো নিউজকে জিন্নাত আক্তার বলেন, ‘আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম ফাইট করার। খেলা হয়নি। তবে পদক নিশ্চিত হয়েছে। আমি কি খুশি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না।’