এশিয়ান গেমস
নারী হকিতে বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্ট
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ | অনলাইন সংস্করণ

এশিয়ান গেমসে নারী হকিতে প্রথমবারের মতো অংশ নিয়েই কঠিন পরীক্ষার মুখে পড়েছিল বাংলাদেশ। তবে একের পর এক বড় হারের পর অবশেষে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ।
শুরুটা অবশ্য ছিল স্বপ্নের মতো। কাজাখস্তানের বিপক্ষে প্রথমে লিড নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে, ততই চাপ বাড়িয়েছে প্রতিপক্ষ। এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে পড়ে রিমন-অর্পিতারা। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ।
চীনের বিপক্ষে ১৩-০ গোলের বড় হার দিয়ে এশিয়ান গেমসের হকিতে অভিষেক হয় বাংলাদেশের। পরের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেও ৩-১ গোলে হারতে হয়। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলের পরাজয় আরও কঠিন করে তোলে বাংলাদেশের পথ।
তবে চার ম্যাচে এসে সেই হতাশা কিছুটা দূর হয়েছে। পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে ৩-৩ গোলের ড্র বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে। এশিয়ার বড় মঞ্চে অভিষেকের শুরুটা কঠিন হলেও কাজাখস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর এই পারফরম্যান্স নতুন করে আশার আলো দেখাচ্ছে।
