ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মেসির বিদায়ের বিষাদের মধ্যে সুখবর আর্জেন্টিনার

মেসির বিদায়ের বিষাদের মধ্যে সুখবর আর্জেন্টিনার

ফুটবল জাদুকর লিওনেল মেসির বিদায়ের সুর বাজছে। আর কদিন পরই চিরচেনা আকাশী-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন তিনি। এমন আবেগময় মুহূর্তের আগেই আর্জেন্টাইন সমর্থকদের মুখে হাসি ফোটানোর মতো এক দারুণ খবর প্রকাশ্যে এসেছে।

দলের রূপকার, প্রধান কোচ লিওনেল স্কালোনিকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়ার উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সংগঠনটির সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে এরই মধ্যে স্কালোনির আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি ছবি পোস্ট করে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক ইঙ্গিত দিয়েছে এএফএ। স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ এই ডিসেম্বরেই ফুরিয়ে যাচ্ছে। একটি টুর্নামেন্টের ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছিলেন তিনি।

তবে এখন সেই অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে। স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, প্রাথমিকভাবে ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত এই চুক্তি নবায়ন হতে পারে। এরপর সুযোগ থাকছে চুক্তির মেয়াদ আরও দু'বছর বাড়ানোর, যার ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্তও ডাগআউটে দেখা যেতে পারে তাকে।

চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই অবশ্য মাঠের লড়াইয়ে নামছে বিশ্বচ্যাম্পিয়নরা। সামনেই তাদের তিনটি প্রীতি ম্যাচ। সূচি অনুযায়ী, আগামী ৩০ তারিখ বলিভিয়া, ৩ তারিখ বুরকিনা ফাসো এবং ৬ তারিখ বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর এই বেনিনের বিপক্ষেই নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলবেন লিওনেল মেসি।

বিদায় আর নতুনের আগমনের এই সন্ধিক্ষণে স্কালোনির নতুন দল ঘোষণায় ভবিষ্যতের এক শক্তিশালী আর্জেন্টিনা গড়ার স্পষ্ট ছাপ পাওয়া গেছে। নিয়মিত তারকাদের পাশাপাশি একঝাঁক তরুণ প্রতিভাকে সুযোগ দিয়েছেন তিনি। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, আগুস্তিন গিয়াই, মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন গোমেজ ও একি ফার্নান্দেজের মতো সম্ভাবনাময় তরুণেরা।

এছাড়া জাতীয় দলে একেবারেই নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমোন, লিওনেল ফ্লোরেস এবং তোবিয়াস আন্দ্রাদা।

আর্জেন্টিনা,সুখবর,বিষাদ,মেসির বিদায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত