
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টাইগারদের সামনে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচটি বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসলেও আজকের মেডেল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পুরো ২০ ওভারে। সকালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক সহন আরাচ্চিগে।
শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি শ্রীলঙ্কার। মাত্র ২১ রানেই হারিয়ে বসে প্রথম চার উইকেট। এরপর অধিনায়ক সাহান আরাচ্চিগে ও আশেন বান্দারা কিছুটা প্রতিরোধ গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। তবে ৫৪ রানে পঞ্চম উইকেট হারানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে শ্রীলঙ্কা।
সাহান আরাচ্চিগে ৩৭ বলে ৩৩ রান করেন। এরপর থারিন্দু রত্নায়েকে ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের চিত্র বদলে দেন। মাত্র ৩২ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংসে তিনি হাঁকান ৭টি চার ও ৫টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ২০৩.১২। রত্নায়েকের বিধ্বংসী ব্যাটিংয়েই শেষ ৫ ওভারে ৬১ রান তুলে ১৬৫ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
আবা/এসআর/২৬