অনলাইন সংস্করণ
১১:০৮, ০৪ অক্টোবর, ২০২৬
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে এই ম্যাচটি ঘিরে গোটা দেশজুড়ে যখন ফুটবলপ্রেমীদের আবেগের জোয়ার, ঠিক তার আগেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল উৎসব করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফা র্যাঙ্কিংয়ের ৬২তম স্থানে থাকা বুরকিনা ফাসোকে ৭-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
চলতি আন্তর্জাতিক উইন্ডোতে অধিনায়ক মেসিকে ছাড়াই দল সাজান স্কালোনি। তবে মহাতারকার অনুপস্থিতিতেও আর্জেন্টিনার আক্রমণের ধার যে বিন্দুমাত্র কমেনি, তা স্পষ্ট স্কোরের ব্যবধানেই। আগের ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আফ্রিকার প্রতিনিধি বুরকিনা ফাসোকে কার্যত ব্যাকফুটে ঠেলে দেয় আলবিসেলেস্তেরা। ম্যাচের প্রথমার্ধেই ৫ গোল আদায় করে নেওয়ার পর বিরতির পর যোগ করে আরও দুটি।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরা আর্জেন্টিনা দ্রুতই এগিয়ে যায়। পেনাল্টি বক্সে অগাস্টিন জিয়ায়কে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে লাউতারো মার্তিনেজের প্রথম চেষ্টা বুরকিনা ফাসো গোলরক্ষক রাজাক গুইরা আটকে দিলেও রিবাউন্ড থেকে বল জালে জড়ান 'এল তোরো'। এর মাধ্যমে জাতীয় দলের জার্সিতে ৪২তম গোল পূর্ণ করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সার্জিও আগুয়েরোকে ছুঁয়ে ফেললেন তিনি। তার সামনে এখন কেবল গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৪) ও শীর্ষে থাকা লিওনেল মেসি (১২৫)।
প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই অষ্টম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। বল ক্লিয়ার করতে গিয়ে নিজ জালেই বল পাঠান বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুমুনি দিয়ালো। ম্যাচের ১২তম মিনিটে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলের স্বাদ পান তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি। ডি-বক্সের ভেতর দারুণ পজিশনিংয়ে বল পেয়ে জোরালো শটে ব্যবধান ৩-০ করেন তিনি।
এরপর নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের চমৎকার ফিনিশিংয়ে বিরতিতে যাওয়ার আগেই ৫-০ ব্যবধানে ম্যাচ একপ্রকার পকেটে পুরে নেয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয় অর্ধে বদলি হিসেবে নেমে আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি ঝুলিতে পুরেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে ঠান্ডা মাথার শটে বল জালে পাঠান এই তরুণ। আর ইনজুরি টাইমের শেষ মুহূর্তে বুরকিনা ফাসোর কফিনে সপ্তম পেরেকটি ঠোকেন জিউলিয়ানো সিমিওনে। বড় জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি বিদায়ি মঞ্চে অধিনায়ককে বরণ করে নিতে আর্জেন্টিনা এখন পুরোপুরি প্রস্তুত।