২০৩০ বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ | অনলাইন সংস্করণ

সরাসরি সম্প্রচারে নিজেদের প্রভাব আরও বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। আগামী ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সবকটিরই সম্প্রচার স্বত্ব নিজেদের ঝুলিতে পুরেছে বিশ্বখ্যাত এই স্ট্রিমার প্রতিষ্ঠানটি। মঙ্গলবার ফিফার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে তারা।

২০৩০ সালের এই বিশেষ বিশ্বকাপটির যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো; যেখানে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকায়। তবে স্প্যানিশ ফুটবল ভক্তরা কেবল নেটফ্লিক্সে নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ বিনামূল্যে উন্মুক্ত টিভি চ্যানেলেও দেখতে পাবেন। চুক্তি অনুযায়ী প্রতি দিন অন্তত একটি ম্যাচ, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সব ম্যাচ, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ সরকারি গণমাধ্যমে বিনামূল্যে সম্প্রচার করতে হবে নেটফ্লিক্সকে।

এই চুক্তির জন্য ঠিক কত অর্থ ব্যয় করা হয়েছে সে বিষয়ে মুখ খোলেনি নেটফ্লিক্স। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের জন্য স্প্যানিশ সম্প্রচারক সংস্থা আরটিভিই খরচ করেছিল প্রায় ৬১.৬ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সঙ্গে নেটফ্লিক্সের পার্টনারশিপ দিন দিন আরও মজবুত হচ্ছে। এর আগে ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপের (যুক্তরাষ্ট্র ও কানাডা অঞ্চলের) সম্প্রচার স্বত্বও নিজেদের দখলে নিয়েছিল প্রতিষ্ঠানটি।

চুক্তিটি নিশ্চিত করে নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার বেলা বাজারিয়া বলেন, "স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য হোমগ্রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকে স্বাগত জানানো এবং তা নেটফ্লিক্সে সরাসরি উপভোগ করা একেবারেই এক অনন্যঅভিজ্ঞতা তৈরি করবে।"

সাম্প্রতিক বছরগুলোতে লাইভ স্পোর্টস ইভেন্টে ব্যাপক বিনিয়োগ বাড়িয়ে চলেছে এই বিশ্বখ্যাত ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মটি। ডব্লিউডব্লিউই ইভেন্ট, বক্সিং, এমএমএ, এনএফএল ও এমএলবির পর ফুটবল বিশ্বকাপের ম্যাচ অন্তর্ভুক্ত হওয়ায় ওটিটি ও স্পোর্টস ব্রডকাস্টিংয়ের জগতে নিজেদের অবস্থান আরও উঁচুতে নিয়ে গেল নেটফ্লিক্স।