২ গোলের জয়ে প্লে–অফে মিয়ামি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৩:১৩ | অনলাইন সংস্করণ

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। খেলায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সহায়তায় একটি গোল করেন রদ্রিগো ডি পল, আর অন্য গোলটি দিয়ে দীর্ঘদিনের গোলখরা কাটান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে।
এই জয়ের মাধ্যমে নতুন প্রধান কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গনজালেসের অধীনে টানা দ্বিতীয় জয় পেল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মিয়ামি। নিয়মিত মৌসুমের আরও পাঁচটি ম্যাচ বাকি থাকতেই অন্তত ওয়াইল্ড কার্ড রাউন্ড খেলা নিশ্চিত করল তারা।
খেলার শুরু থেকেই নিজের জাত চেনান লিওনেল মেসি। ম্যাচের ২০তম মিনিটে বক্সের বাইরে থেকে মেসি বল বাড়িয়ে দেন ডি পলকে। সেখান থেকে লুইস সুয়ারেজ হয়ে বল পান বেরতেরামে। আলতো ফিনিশিংয়ে মে মাসের পর নিজের প্রথম গোল করে মিয়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+ মিনিট) কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করে ইন্টার মিয়ামি। বেরতেরামের বাড়ান বল ধরে নিউ ইয়র্কের তিন ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁ পায়ের নিখুঁত পাসে ডি পলকে বল দেন মেসি। চমৎকার শটে বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন ডি পল।
দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে যোগ করা সময়ে নিউ ইয়র্ক সিটি ব্যবধান কমানোর সহজ সুযোগ পেয়েছিল। পেনাল্টি থেকে ট্যালস ম্যাগনোর নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় আটকে দেন মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। এতে টানা দুই ম্যাচে ক্লিনশিট রেখে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি।
এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দুই নম্বর স্থান আরও মজবুত করল ইন্টার মিয়ামি। ফলে প্লে-অফে নিজেদের ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা (হোম-ফিল্ড অ্যাডভান্টেজ) পাবে দলটি। অন্যদিকে গত ১১ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া নিউ ইয়র্ক সিটি এফসির বাজে ফর্ম অব্যাহত রইল।
