ব্যাটিং কোচের দায়িত্ব থেকে আশরাফুলকে অব্যাহতি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২৩:২৭ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছিল। বিশেষ করে ব্যাটিংয়ে দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছিল নানা মহলে। সেই সমালোচনার আঁচ পড়েছিল জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ওপরও। অবশেষে তাকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আজ (শনিবার) দলের অনুশীলন শেষে এই সিদ্ধান্তের কথা জানতে পারেন আশরাফুল।
ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে দলের ব্যাটিং ব্যর্থতার কোপই পড়েছে আশরাফুলের ওপর। সেই সিরিজে দুই ম্যাচ খেলে দুটিতেই দুইশর নিচে অলআউট হয় বাংলাদেশ। বিদায় হয়ে যায় ফাইনালের আগেই।
আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিলেও চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বিসিবির অন্য কোনো দায়িত্বে থাকবেন তিনি, নিজেই জানিয়েছেন আশরাফুল।
আবা/এসআর/২৬
