মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ | অনলাইন সংস্করণ

শনিবারের রাতে ব্রাজিলিয়ান ফুটবলের আলোচনায় কেন্দ্রে ছিলেন নেইমার। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে বাহিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে দল। বিরতির পর মাঠে ফেরার আগেই প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
তর্কের একপর্যায়ে মুখ হাত দিয়ে ঢেকে কথা বলতেই ভিডিও সহকারী রেফারি (ভিএআর) হস্তক্ষেপ করে। রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এই ঘটনায় সান্তোসের অধিনায়ক দুই ম্যাচ মাঠের বাইরে থাকবেন।
প্রথমার্ধেই দুজনের মধ্যে উত্তেজনা শুরু হয়। নেস্তরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে নেইমার হলুদ কার্ড পান। বিরতির পর নেস্তরকে উদ্দেশ করে মন্তব্য চালিয়ে যান সান্তোসের ১০ নম্বর। তর্কের সময় মুখ ঢেকে কথা বললে বাহিয়ার খেলোয়াড় বিষয়টি রেফারিকে জানান। ভিএআরের সহায়তায় ‘ভিনি জুনিয়র রুল’ প্রয়োগ করে লাল কার্ড দেখানো হয়। এই নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলা নিষিদ্ধ, এটি সম্ভাব্য অশ্লীল বা বৈষম্যমূলক মন্তব্য ঢাকতে না দেওয়ার জন্য আনা হয়েছে।
মাঠ ছাড়ার সময়ও নেইমারের উত্তেজনা কমেনি। তিনি নেস্তরের সঙ্গে আবার সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেন। পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নেইমার বলেন, নেস্তর অসৎ উদ্দেশ্য নিয়ে আচরণ করেছেন। তিনি স্বীকার করেন মুখ ঢেকে কথা বলার ভুল করেছেন, কিন্তু দাবি করেন কিছু বলেননি এবং প্রতিপক্ষ সুযোগ নিয়েছেন। অন্যদিকে নেস্তর বলেন, নেইমার অসম্মানজনক মন্তব্য করেছেন।
ম্যাচে বাহিয়া আগে এগিয়ে যায়। সান্তোসের হয়ে লুয়ান পেরেস বলের লড়াইয়ে ভালো করেন এবং বেনজামিন রোলহেইসারের ক্রস থেকে গোল করে সমতা আনেন। নেইমার লাল কার্ড পাওয়ার পর সান্তোস ১০ জনের দলে পরিণত হয়। তারপরও স্বাগতিক দল লড়াই চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত ১-১ ড্র করে এক পয়েন্ট আদায় করে।
লাল কার্ডের কারণে এক ম্যাচ এবং তৃতীয় হলুদ কার্ডের শাস্তি হিসেবে আরেক ম্যাচ, সব মিলিয়ে দুই ম্যাচ বাইরে থাকতে হবে নেইমারকে। পরের ক্লাসিক্যাল ম্যাচ পালমেইরাসের বিপক্ষে তিনি খেলতে পারবেন না।
